হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাওজা-ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আলিরেজা আরাফি রোমানিয়ার অর্থোডক্স চার্চের নেতা প্যাট্রিয়ার্ক দানিয়েলকে লেখা এক চিঠিতে মৌলিক বিশ্বাস, আধ্যাত্মিকতা ও নৈতিকতার ক্ষেত্রে শিয়া ইসলাম ও অর্থোডক্স খ্রিস্টধর্মের গভীর অভিন্নতার কথা উল্লেখ করেন।
তিনি মানবজাতিকে নৈতিক ও আধ্যাত্মিক সংকট থেকে উদ্ধারের উপায় হিসেবে আল্লাহকেন্দ্রিক পারস্পরিক যোগাযোগ ও আন্তধর্মীয় সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। চিঠিটি হাওজা-ইলমিয়ার ধর্ম ও মাজহাববিষয়ক কার্যালয়ের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ সাদেক আমিনুদ্দিন বুখারেস্ট সফরের সময় রোমানিয়ার অর্থোডক্স চার্চের আন্তধর্মীয় সংলাপের সমন্বয়ক ড. ভ্যালেন্টিন ইলিয়ের কাছে হস্তান্তর করেন। এটিকে হাওজা-ইলমিয়া ও রোমানিয়ার অর্থোডক্স চার্চের মধ্যে ব্যাপক সহযোগিতার সূচনা হিসেবে ঘোষণা করা হয়েছে।
কোরআন ও ইনজিলের আয়াতের উদ্ধৃতি দিয়ে রচিত ওই চিঠিতে দুটি বড় অভিন্ন চ্যালেঞ্জের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে-পরিবারের প্রতিষ্ঠান হুমকির মুখে পড়া এবং তরুণদের মধ্যে ধর্মবিশ্বাসের সংকট। পরিবারব্যবস্থার সুরক্ষা এবং বিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ইসলাম ও অর্থোডক্স খ্রিস্টধর্মের শিক্ষাকে একটি অভিন্ন ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়েছে, যা বৈজ্ঞানিক ও গবেষণামূলক সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।
একই সঙ্গে উভয় ধর্মের পক্ষ থেকে পবিত্র মরিয়ম (সা.আ.) ও সাধুদের প্রতি গভীর শ্রদ্ধার কথা উল্লেখ করে তরুণ প্রজন্মের সামনে এসব মহান ব্যক্তিত্বকে আদর্শ হিসেবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
চিঠির আরেক অংশে হাওযা-ইলমিয়ার পরিচালক শিক্ষা ও গবেষণা, ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক-বিভিন্ন ক্ষেত্রে রোমানিয়ার অর্থোডক্স চার্চের সঙ্গে সহযোগিতার জন্য ইরানের হাওজা-ইলমিয়াগুলোর পূর্ণ প্রস্তুতির কথা জানান। নৈতিকতাসহ বিভিন্ন জ্ঞানগত ক্ষেত্রে শিক্ষক ও গবেষক বিনিময়, পরিবার ও আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়-প্রস্তাবিত সহযোগিতার কয়েকটি প্রধান ক্ষেত্র।
চিঠির শেষে আয়াতুল্লাহ আরাফি রোমানিয়ার অর্থোডক্স চার্চের সঙ্গে ব্যাপক সহযোগিতাকে বর্তমান বিশ্বে আধ্যাত্মিকতা ও নৈতিকতার উন্নয়নের পথে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি প্যাট্রিয়ার্ক দানিয়েল এবং সকল খ্রিস্টান ভাইয়ের জন্য মহান আল্লাহর দরবারে সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করেন।
উল্লেখ্য, ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাওজা-ইলমিয়াগুলো সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও রোমানিয়ার ধর্মীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ব্যক্তিত্বদের অংশগ্রহণে ধারাবাহিক আন্তধর্মীয় বৈজ্ঞানিক সভা ও ওয়েবিনারের আয়োজন করেছে। এসব কার্যক্রমে রোমানিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং অর্থোডক্স চার্চও অংশগ্রহণ করেছে।
আপনার কমেন্ট